২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১১ জুন, ২০২৬ - 11 June, 2026

গঙ্গাচড়ায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে ফের রাস্তা কেটে প্রতিবন্ধকতা, নারীসহ একাধিক ব্যক্তি আহত

59
2026-06-11 15:08:18

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া, মাষ্টারপাড়া, আহম্মদপাড়াসহ আশপাশ এলাকার মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কে পুনরায় অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সরেজমিন তদন্ত ও নির্দেশনা উপেক্ষা করে রাস্তা কেটে গর্ত খননের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ ফুট প্রশস্ত ও ১,২০০ গজ দীর্ঘ ওই রাস্তা দীর্ঘদিন ধরে শতাধিক পরিবার এবং বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। চলতি বছরের ২১ এপ্রিল রাস্তার ওপর অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে এলাকাবাসী গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ জুন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, আলমবিদিতর ইউনিয়ন পরিষদের প্রশাসক, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিন তদন্ত ও রাস্তার মাপজোক সম্পন্ন করা হয়। তদন্ত শেষে রাস্তার সীমানা নির্ধারণ করে জনসাধারণের চলাচল অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সেই নির্দেশনা কার্যত উপেক্ষা করে গত ৯ জুন মঙ্গলবার দুপুরে স্থানীয় ইলিয়াস আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পুনরায় রাস্তার ওপর গভীর গর্ত খনন করে চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে নারীসহ একাধিক ব্যক্তির ওপর হামলা চালায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এ ঘটনায় মোছা. ফরিদা বেগম, মোছা. লিজা মনি, মোছা. মর্জিনা বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের উপস্থিতিতে নির্ধারিত রাস্তা পুনরায় কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শুধু জনদুর্ভোগই নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্তেরও প্রকাশ্য অবমাননা। ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

রাস্তার ওপর খননকৃত গর্তের কারণে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার (১০ জুন) গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পুনরায় লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তারা অবিলম্বে ঘটনাটি তদন্ত করে অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এছাড়া আবেদনের অনুলিপি গঙ্গাচড়া মডেল থানা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং আলমবিদিতর ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছেও প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের নির্দেশনা কার্যকর না হলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই জনস্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন

সর্বশেষ

জনপ্রিয়