প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তার গঙ্গাচড়ায় চার বিদ্যালয় পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি এসব বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রংপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।
পরিদর্শনের সময় কর্মকর্তারা বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুতকরণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যায়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এদিন পরিদর্শন করা বিদ্যালয়গুলো হলো—তালুক হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরাজিনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে কর্মকর্তারা শ্রেণিকক্ষে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শিখন অগ্রগতি সম্পর্কে ধারণা নেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে প্রয়োজনীয় বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যালয়গুলোর কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।