কলা খাওয়ানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ৫০ বছর বয়সী ব্যক্তির যাবজ্জীবন
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের স'শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আশরাফ হোসেন। তিনি উপজেলার বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।
ঘটনার দিনই শিশুটির মা শাপলা বেগম বাদী হয়ে আশরাফ হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নি'র্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ যথাযথ বিচার পেয়েছেন।