২৯ ভাদ্র, ১৪৩৩ - ১৩ সেপ্টেম্বর, ২০২৬ - 13 September, 2026

দুপুরে আদেশ, বিকেলেই যোগদান—ছাড়পত্র হলো কখন? পঞ্চগড় থেকে গঙ্গাচড়ায় শিক্ষকের পদায়নে নতুন প্রশ্ন

153
2026-09-13 19:28:55

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন জেলা থেকে চার সহকারী শিক্ষকের পদায়ন নিয়ে প্রশ্নের মধ্যেই পঞ্চগড়ের বোদা উপজেলার ১১ নম্বর ভীমপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেছবাহাতুল জান্নাতের যোগদান ঘিরে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। অফিস আদেশ অনুযায়ী তাকে গঙ্গাচড়া উপজেলার মৌভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর তিনি গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ জানিয়েছেন, ওই দিন দুপুর ১২টার দিকে তারা বদলি আদেশের কপি পেয়েছেন। একই সঙ্গে তিনি জানান, ওই শিক্ষকের স্বামী ৯ সেপ্টেম্বরই গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসে তার স্ত্রীর যোগদানের বিষয়টি অবগত করেছিলেন।

এতে প্রশ্ন উঠেছে—১০ সেপ্টেম্বর দুপুরে গঙ্গাচড়া অফিস আদেশের কপি পেয়ে থাকলে তার একদিন আগেই স্বামী কীভাবে পরদিন যোগদানের বিষয়টি অফিসকে জানালেন? আবার ১০ সেপ্টেম্বর দুপুরে আদেশ পাওয়ার পর যদি বিকেলেই যোগদান হয়ে থাকে, তাহলে পূর্বের কর্মস্থল পঞ্চগড়ের বোদা থেকে ছাড়পত্র গ্রহণ, বোদা উপজেলা শিক্ষা অফিসের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং গঙ্গাচড়ায় যোগদানের কাগজপত্র প্রস্তুত ও জমা দেওয়ার প্রক্রিয়া কখন সম্পন্ন হলো?

বিশেষ করে বোদা থেকে গঙ্গাচড়া পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে একই দিনে এসব প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে যোগদান কীভাবে সম্ভব হলো, তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদি ১০ সেপ্টেম্বর দুপুরের আগেই সংশ্লিষ্ট শিক্ষক বদলি আদেশের বিষয়ে অবগত হয়ে থাকেন, তাহলে সেই তথ্য কীভাবে ও কার মাধ্যমে পৌঁছাল—এটিও যাচাইয়ের বিষয়।

এর সঙ্গে যুক্ত হয়েছে বদলি আদেশের তারিখ নিয়েও প্রশ্ন। অফিস আদেশে বদলির তারিখ ২৫ আগস্ট উল্লেখ রয়েছে। অথচ গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসের দাবি, তারা আদেশের কপি পেয়েছে ১০ সেপ্টেম্বর দুপুরে। আবার ৬ সেপ্টেম্বর থেকে সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ থাকার তথ্যও রয়েছে। ফলে ২৫ আগস্টের আদেশ, ৬ সেপ্টেম্বর বদলি কার্যক্রম বন্ধ, ৯ সেপ্টেম্বর স্বামীর মাধ্যমে যোগদানের বিষয়টি অবহিত করা এবং ১০ সেপ্টেম্বর দুপুরে আদেশ পাওয়ার পর বিকেলে যোগদান—এই ধারাবাহিকতায় একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

বিষয়টি পরিষ্কার করতে মেছবাহাতুল জান্নাতের যোগদানের আবেদন, বোদার ১১ নম্বর ভীমপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাড়পত্র, বোদা উপজেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্ট নথি, গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসের রিসিভ রেজিস্টার ও যোগদানের কাগজপত্র যাচাই করা প্রয়োজন। এসব নথির তারিখ ও সময় মিলিয়ে দেখলেই পুরো প্রক্রিয়ার প্রকৃত সময়রেখা স্পষ্ট হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়