গঙ্গাচড়ায় সেই শিক্ষকের দুঃখ প্রকাশ: দুষলেন সহকারী শিক্ষা কর্মকর্তাকে
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন না করার অভিযোগে প্রকাশিত সংবাদের পর সংশ্লিষ্ট শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিবেদনের তথ্য সঠিক ছিল বলে স্বীকা।র করেছেন।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন না হওয়ার অভিযোগে দৈনিক আমাদের প্রতিদিন-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি ২১ ফেব্রুয়ারি মাল্টিমিডিয়ায়, ২২ ফেব্রুয়ারি অনলাইনে এবং ২৩ ফেব্রুয়ারি প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের পর শেরপুর পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল মিয়া মুঠোফোনে পত্রিকার নিজস্ব প্রতিবেদক নির্মল রায়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাকে হুমকি দেন। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা করার নির্দেশ দেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনাটি নিয়ে ২৪ ফেব্রুয়ারি অনলাইন সংস্করণে এবং ২৫ ফেব্রুয়ারি প্রিন্ট সংস্করণে আরও একটি সংবাদ প্রকাশিত হয়।
পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দুলাল মিয়া পুনরায় ফোন করে সাংবাদিক নির্মল রায়ের কাছে আগের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে কিছু কথা বলেছেন, যা ঠিক হয়নি। তিনি স্বীকার করেন, জাতীয় দিবস পালনে কিছু ঘাটতি ছিল এবং প্রতিবেদনের তথ্য সঠিক ছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন।
তবে তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন বেগম এবং এক সহকারী শিক্ষকের ইন্ধনে প্রতিবেদনটি করা হয়েছে।
এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন বেগম বলেন, জাতীয় দিবস যথাযথভাবে পালনের বিষয়ে শিক্ষা অধিদপ্তরের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নে ঘাটতি থাকলে তা নিয়ে গণমাধ্যম প্রতিবেদন করতেই পারে। এখানে ব্যক্তিগত ইন্ধনের প্রশ্ন নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ জানান, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।