১৯ বৈশাখ, ১৪৩৩ - ০২ মে, ২০২৬ - 02 May, 2026

কচাকাটায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ

11 months ago
260


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ৭টি পরিবারের ২১জন সদস্যের নামে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ উঠেছে বাদী পরিজান বেগমের বিরুদ্ধে। পরিজান বেগম কচাকাটা থানার কেদার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চরবিঞ্চুপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী বলে জানা গেছে। মামলা সূত্রে জানা যায়, বাদী পরিজান বেগম গত ১৭ মার্চ তার বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্য আঘাত জখম, শ্লীলতাহানি, অগ্নিকান্ড, আটক, খুন জখমের হুমকি ও হুকুমের দায়সহ ঘটনায় ৩২ হাজার ৯০০ টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে গেলো ৬ মে কচাকাটা থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে জানতে চাইলে বাদির বাবা ও এই মামলার ৬ নং সাক্ষী পনির উদ্দিন বলেন, গেলো রমজান মাসে আমরা খাওয়া দাওয়া শেষে রাতে শুয়ে আছি, হঠাৎ ঘরের ফাঁক দিয়ে আগুন দেখতে পেয়ে আমি পাশের ঘরে শুয়ে থাকা ছেলের বৌকে ডাক দিয়ে বাইরে বের হয়ে দেখি খড়ের ঢিপিতে আগুন, পরে আমার চিল্লাচিল্লিতে পাশের লোকজন আসলে আমরা সবাই মিলে আগুন নিভাই। তবে সেই আগুনে আমার ঘরবাড়িতে কোনো আগুন লাগে নাই, জানমালেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কে আগুন লাগিয়েছে সেটা আমি দেখি নাই। প্রতিবেশী লিলিয়া খাতুন বলেন, আমরা শুধু খড়ের ঢিপিতে আগুন লাগতে দেখেছি, কে লাগিয়েছে সেটা দেখি নাই। অপরদিকে পরিজান বেগমের জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী তার বসতবাড়িতে গিয়ে আবারও মামলার প্রাথমিক তথ্য বিবরণী সূত্র ধরে জানতে চাইলে পরিজান বেগমের স্বামী আজিজুল হক জানান, মামলা তো আগে থেকে আছে, তবে এ মামলা সম্পর্কে আমি কিছু জানি না। আমি ইট ভাটায় কাজ করি, গত ৬-৭ মাস আগে কাজে গেছিলাম এই তো ৮-১০ দিন হয় বাড়িতে আসার। আমি বাড়ি থেকে যাওয়ার পর আসা পর্যন্ত এখনো আগুন লাগার মতো ঘটনা ঘটে নাই। আমি যেমন বাড়ি রেখে গেছিলাম বাড়ি তো তেমনই আছে। বাদির শ্বশুর মশিউর রহমান বলেন, এই বাড়িতে গত দুই মাসের মধ্যে আগুন লাগা বা অন্য কোনো ধরনের ঘটনা ঘটে নাই।

মামলার বাদি পরিজান বেগমের সাথে কথা হলে তিনিও তার বসত বাড়িতে আগুন লাগেনি উল্লেখ করে তার বাবার বাড়িতে শুধু খড়ের ঢিপিতে আগুন লাগার কথা বলেন। এবং খড়ের ঢিপিতে কে আগুন দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কাউকে দেখেননি বলে উল্লেখ করেন। বিবাদীর পক্ষে আলম জানান, আমরা নির্দোষ, আমাদের মিথ্যা মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। আমরা এটার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে মামলা তদন্ত কর্মকর্তা এস.আই ইব্রাহিম বলেন, প্রাথমিক ভাবে দেশের প্রচলিত আইনের ফৌজদারী বিধান কোষের ১৫৪ ধারায় মামলার প্রাথমিক তথ্য বিবরণীর সূত্র ধরে মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth