রংপুর মেডিকেল থেকে দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে, এমপি- মাহবুবুর রহমান বেলাল
নিজস্ব প্রতিবেদক:
রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সিন্ডিকেট নির্মূলে স্থানীয় কমিটি গঠন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি সুপরিকল্পিত কর্মকৌশল বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, হাসপাতালে সর্বক্ষেত্রে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। জনবল সংকটের সুযোগ নিয়ে দালালরা ‘ভলান্টারি সার্ভিস’ এর নাম করে ভেতরে প্রবেশ করছে এবং ইচ্ছেমতো অর্থ আদায় করছে। বিষয়টি তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেছেন বলেও জানান।
তিনি বলেন, দালাল নিয়ন্ত্রণে স্থানীয় মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সিন্ডিকেটের অনেক সদস্য স্থানীয় হওয়ায় তারা প্রভাব খাটায় ও হুমকি দেয়। ফলে নার্স ও চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগে অনেক সময় বাধ্য হয়ে তাদের সুযোগ দেন। এ পরিস্থিতি দূর করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে এমপি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সিসিইউ ওয়ার্ড পরিদর্শন করেন এবং নার্সদের সঙ্গে কথা বলেন। এছাড়া সাধারণ রোগীদের খোঁজখবর নেন এবং জরুরি বিভাগের কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
তিনি বলেন, ১,০০০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকে। কিন্তু জনবল এখনো ৬০০ শয্যার সময়কার কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনেও জনবল বৃদ্ধি না পাওয়ায় সেবার মান ব্যাহত হচ্ছে। বেড সংখ্যা ও স্টাফ বাড়ানো ছাড়া পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
এমপি আরও বলেন, হাসপাতালে অপরিচ্ছন্নতা একটি বড় সমস্যা। যত্রতত্র আবর্জনা পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়। মানুষ চিকিৎসা নিতে এসে যদি স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, তবে সেটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি পরিচালককে জনবল সংকট থাকা সত্ত্বেও অন্তত মৌলিক বিষয়গুলো—বিশেষ করে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা—নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নিতে অনুরোধ করেন। এ ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন।
তিনি অভিযোগ করেন, অতীতে এ হাসপাতালের খোঁজখবর নেওয়া হয়নি এবং প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়নি। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বিভাগীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনায় নিয়ে বেড সংখ্যা, জনবল ও বাজেট বৃদ্ধি করতে হবে। তাহলেই এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে।
সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, সমস্যা অনেক পুরোনো, তবে সম্মিলিত উদ্যোগে সমাধান সম্ভব। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই-দালালমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি হাসপাতাল গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।