গবেষণায় নতুন মাইলফলক ছুঁলো বেরোবি
বেরোবি প্রতিনিধি:
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন প্রকাশিত ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গবেষণায় দেশের শীর্ষ স্থান অর্জন করে নতুন মাইলফলক স্পর্শ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। গত বছর গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল দশম, সেখান থেকে এক লাফে প্রথম স্থানে উঠে আসা এক অনন্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সিমাগো র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় শীর্ষে থাকলেও সার্বিক র্যাঙ্কিংয়ে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে বেরোবি। এই সূচকে বিশ্ববিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানকে পেছনে ফেলেছে।
গবেষণায় সামগ্রিক তালিকায় প্রথম স্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষ অবস্থান অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
সার্বিক র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বেরোবি। ২০২৪ সালে যেখানে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১৮তম এবং ২০২৫ সালে ২২তম, সেখানে এবার ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন। এই তিনটি সূচকের ভিত্তিতে সিমাগো এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবছর বেরোবির অবস্থান গবেষণায় দ্বিতীয় (বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম), সামাজিক প্রভাবে ১৩তম এবং উদ্ভাবন সূচকে ৪৭তম।
বিশ্বের সেরা দুই শতাংশ গবেষকের তালিকাভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, “বর্তমান প্রশাসন গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণার জন্য প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশি গবেষণামুখী হচ্ছেন।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “গবেষণা কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের গবেষণা অনুদানের ক্ষেত্রে মানসম্মত প্রকাশনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা গবেষণায় আরও অনুপ্রাণিত করছে।”
এবারের র্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় এবারের তালিকায় স্থান পেয়েছে।