২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি, ক্ষতির মুখে চাষিরা

1 hour ago
3


নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ বৃষ্টিপাত ও জমিতে পানি জমে যাওয়ায় জেলার আলু চাষিরা ক্ষতির আশঙ্কায় পড়েছেন।  বৃহস্পতিবার ভোরে হটাৎ বৃষ্টিতে অনেক ক্ষেতেই পানি জমে থাকায় আলু নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে করে মৌসুমের শেষ দিকে এসে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইতোমধ্যে আলু তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আলু তোলা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে আলু পচে যাওয়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছেন কৃষকেরা। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

রংপুর আবহাওয়া অফিসের পর্যক্ষেক অরজিৎ কুমার রায় জানান, বৃহস্পতিবার রংপুরে ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রংপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, রংপুর জেলায় এবার ৫৪ হাজার ৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে ৩০ হাজার হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। যার পরিমান প্রায় সাড়ে আট লাখ মেট্রিক টন। এবার জেলায় ১৬ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে জানান এই কর্মকর্তা। 

রংপুরের বিভিন্ন উপজেলার আলু চাষিরা জানান, চলতি মৌসুমে আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ বৃষ্টিতে সেই আশায় ভাটা পড়েছে। জমিতে পানি জমে থাকায় আলু পচে যাওয়ার সম্ভবনা রয়েছে।

রংপুর নগরীর খোর্দ রংপুর ঐরাকার আলু চাষী আসলাম হোসেন জানান, আমরা কয়েকদিনের মধ্যে আলু তোলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি উঠে গেছে। যদি দ্রুত পানি না নামে, তাহলে অনেক আলুই নষ্ট হয়ে যাবে।

কৃষক হুমায়ন জানান, আলু চাষে বীজ, সার, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে তাদের বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়েছে। এখন যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে সেই খরচ তুলতে পারাও কঠিন হয়ে পড়বে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলুর জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে আলু পচে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই জমিতে পানি জমে থাকলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া জরুরি।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে যেসব জমিতে পানি জমেছে সেখানে দ্রুত নালা কেটে পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব জমিতে আলু এখনও তোলা হয়নি, সেগুলো দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

 রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান,আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে কৃষকদের সতর্ক থাকতে হবে এবং জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার করতে হবে। তা হলে আলুর কোন ক্ষতি হবে না। যদি সপ্তাহ খানেক ধরে জমিতে পানি আটকে থাকে তা হলে ক্ষতির সম্ভবনা রয়েছে বলে  জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth