১৩ বৈশাখ, ১৪৩৩ - ২৬ এপ্রিল, ২০২৬ - 26 April, 2026

দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক ও যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

2 hours ago
13


সাখাওয়াত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের রৌমারী-চর রাজীবপুর উপজেলায় দু’দিন ধরে বিদ্যুৎ-নেটওয়ার্ক সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া যানবাহন সীমিত আকারে চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ-নেটওয়ার্ক গ্রাহক ও পথচারীরা।

গত শনিবার (২৫ এপ্রিল) থেকে রোববার (২৬ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত বিদ্যুৎ-নেটওয়ার্ক বন্ধ থাকায় মোবাইল অপারেটর বাংলালিং, এয়ারটেল, রবি ও গ্রামীণ নেটওয়ার্ক সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত।

রৌমারীর স্থানীয় বাসিন্ধা রফিকুল মিয়া, ফারুক আহমেদ, শফিকুল ইসলাম, নুরুননবীসহ অনেকেই বলেন, গেল কয়েকদিন ধরে দিন-রাত মিলে শুধুমাত্র এক ঘন্টার মতো বিদ্যুৎ সরবরাহ থাকলেও ওই সময়টুকুর মাঝে মধ্যে আবার দু’একবার চলে যায়। ফলে বিদ্যুৎ সেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এদিকে বিদ্যুৎ ব্যবহার কম হলেও কিন্তু মাস শেষে বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হয় বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সেবা পাচ্ছি না এবং রাস্তায় যানচলাচল খুবই সীমিত। কারণ ১৫ দিন ধরে এ দুই উপজেলায় জ্বালানি সরবারহ বন্ধ এবং বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চালিত ইজিবাইকগুলো চার্জ দিতে পারে না। এতে সড়কে যানচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদিও এক একটি দুইটি গাড়ী চললেও ১০ টাকার ভাড়া নিচ্ছে ৫০ টাকা করে।

ব্যাটারি চালিত অটোভ্যান (ইজিবাইক) চালক স্বাধীন মিয়া বলেন, কারেন্ট না থাকায় অটোভ্যানের ব্যাটারিগুলো চার্জ দিতে না পারায় রাস্তায় গাড়ি নিয়ে বের হতে পারছি না। আমি ‘দিন এনে দিন খাই’ খুব কষ্ট করে সংসার চালায়। এখন কারেন্ট না থাকায় খুব বিপদে পড়তে হচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোমবাতি জ্বালিয়ে লেখা পড়া করতে হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্যও কোনও যানবাহনেও পাওয়া যাচ্ছে না। একটি-দুইটি গাড়ী পেলেও নিচ্ছে দুই-তিনগুন বাড়তি ভাড়া।

রৌমারীর চরশৌলমারী বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যবসায়ী শদিুল ইসলাম বলেন, আমাদের অঞ্চলে টানা গত ৭২ ঘন্টা ধরে কারেন্ট না থাকায় ইন্টারনেট এবং ওয়াইফাই সেবা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছি। ফলে ব্যাংকে টাকা লেনদেন করতে পারছি না। এতে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

রৌমারী ও রাজীবপুর উপজেলার স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম সাজু ও শহিজল ইসলাম বলেন, টানা কয়েকদিন ধরে বিদ্যুৎ চরম লোডশেডিং। এদিকে শনিবার থেকে রোববার পর্যন্ত টানা বিদ্যুৎ বন্ধ থাকায় নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ। এতে এ অঞ্চলের খবরাখবরগুলো পত্রিকা অফিসে পাঠাতে পারছি না। পাশাপাশি দু’সপ্তাহের বেশি সময় ধরে তেল পাম্প বন্ধ থাকায় আরও চরমে পড়তে হচ্ছে। সংশ্লিষ্টদের এ সমস্যার সমাধন করা জন্য দাবি জানাচ্ছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাফিউর রহমান বলেন, লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ নিয়ে উধ্বর্তন কর্তৃপক্ষে অবগত করা হয়েছে। 

চর রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান জানান, জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এ বিষয়ে কর্তৃপক্ষ জানানো হয়েছে। আশাকরি দ্রুত এর সমাধান হবে।

টানা লোডশেডিং এবং ’দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের অফিসিয়াল মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠালেও এ বিষয়ে কোনও উত্তর মেলেনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth