২৭ বৈশাখ, ১৪৩৩ - ১০ মে, ২০২৬ - 10 May, 2026

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

219
2026-04-28 05:42:14

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডবে কৃষিক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম পাকা বোরো ধান, ভুট্টা ও শাক-সবজির ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের একেবারে শেষ সময়ে এসে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জানা গেছে, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগজুড়ে শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে ভারী বর্ষণ ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়। এ সময়ে প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে ছিল দমকা ও ঝড়ো হাওয়া, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

প্রাকৃতিক এ দুর্যোগে ফসলের পাশাপাশি গাছপালা ও বসতবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলি এলাকায় কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ি গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আগাম পাকা ধান ঘরে তোলার আগেই শিলাবৃষ্টিতে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে। একইভাবে ভুট্টা ও সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, ক্ষতি কমাতে যেসব ধান ৮০ শতাংশ পেকেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ভুট্টার ক্ষতি তুলনামূলক কম হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডবে লক্ষ্মীটারী ইউনিয়নে অন্তত চারটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ

জনপ্রিয়