১৬ বৈশাখ, ১৪৩৩ - ২৯ এপ্রিল, ২০২৬ - 29 April, 2026

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

1 hour ago
28


লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হুমায়ুন আহমেদ কবির নামে এক ইউপি চেয়ারম্যানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হুমায়ুন আহমেদ কবির জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ গাড়িটি তল্লাশি চালায়। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং তার সহযোগী সেকেন্দার আলী (৪৫) কে আটক করে। পরে লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং তাদের জেলহাজতে পাঠানো হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, আদালতের রায়ের পর বুধবার বিকেলেই দণ্ডপ্রাপ্ত হুমায়ুন আহমেদ কবিরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth