২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১০ জুন, ২০২৬ - 10 June, 2026

আলমবিদিতর ইউনিয়ন পরিষদে উত্তেজনা: প্রশাসককে ঘিরে বিক্ষোভ, লাঞ্চিতের অভিযোগ

317
2026-06-09 20:12:18

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদে প্রশাসককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের প্রশাসক ও গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামানকে লক্ষ্য করে আনুমানিক ২০ জনের একদল উত্তেজিত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে আলমবিদিতর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুর রহমান, প্রশাসক আফতাবুজ্জামান চয়নসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের বাইরে অবস্থান নিয়ে একদল উত্তেজিত ব্যক্তি প্রশাসক আফতাবুজ্জামান চয়নের দায়িত্ব প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যানের কক্ষের সামনে গিয়ে দরজায় লাথি মারেন বলেও অভিযোগ রয়েছে।

আলমবিদিতর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানান, ইউএনও, প্রশাসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউপি সদস্যরা যে কক্ষে অবস্থান করছিলেন, উত্তেজিত ব্যক্তিরা সেই কক্ষের সামনে গিয়ে দরজায় আঘাত করেন এবং উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন।

পরিস্থিতির এক পর্যায়ে উত্তেজিত জনতার কয়েকজন প্রশাসক ভেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুর রহমানের দিকে এগিয়ে যান। এ বিষয়ে রেজানুর রহমান বলেন, “এক ব্যক্তি গালিগালাজ করতে করতে আমার দিকে এগিয়ে এসেছিলেন। পরে তিনি বুঝতে পারেন আমি প্রশাসক নই। বিষয়টি বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে যান।”

তবে উপজেলা সমবায় কর্মকর্তা ও আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক আফতাবুজ্জামান বলেন, “ইউনিয়ন পরিষদের বাইরে কিছু লোক চিৎকার-চেঁচামেচি করছিল। আমরা তখন কক্ষের ভেতরে অবস্থান করছিলাম। তারা আমাদের কক্ষে প্রবেশ করেনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, “বাইরে কিছু ব্যক্তি চিৎকার-চেঁচামেচি করছিল। তবে তারা কী কারণে এ ধরনের আচরণ করছিল, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমরা যে কক্ষে ছিলাম সেখানে তারা প্রবেশ করেনি।”

জানা গেছে, ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং উপজেলা তথ্য আপা আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আলমবিদিতর ইউনিয়নে গিয়েছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থানকালে বাইরে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সর্বশেষ

জনপ্রিয়