১৫ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

তিস্তার পানি বৃদ্ধি, গঙ্গাচড়ায় চার ইউনিয়নের ১২০০ পরিবার পানিবন্দি

117
2026-06-29 19:16:59

news-picture

নিজস্ব প্রতিবেদক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানিবন্দি এলাকাগুলোর মধ্যে রয়েছে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া, চর মটুকপুর ও চর চিলাখাল, লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী ও বাগেরহাট, মর্নেয়া ইউনিয়নের নীলারপাড়, নরসিংহ চর ও মর্নেয়া এলাকা এবং নোহালী ইউনিয়নের চর বাগডহরা ও মিনা বাজার গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধির ফলে এসব এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তার ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার পানিবন্দি রয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, রংপুর অঞ্চলে তিস্তা নদীর পানি আগামী দুই দিন পর্যন্ত আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়