র্যাব-১৩ এর পৃথক অভিযানে মাদক, কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও হত্যা মামলার আসামীসহ মোট গ্রেফতার-৬
নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরে র্যাব-১৩ পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট ও রংপুরের ২টি অভিযানে ১০০ বোতল চোকো+ এবং ৯৪০ পিস ইয়াবা জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ঠাকুরগাঁওয়ের অভিযানে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ গ্রেফতার-২ এবং দিনাজপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যা মামলায় ঘাতক দুই ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়,
লালমনিরহাট-
সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চেকপোস্ট বসিয়ে একটি পালসার মোটরসাইকেল তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ফেনসিডিল-সমগোত্রীয় ১০০ বোতল চোকো প্লাস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি ইউনিয়নের বাসিন্দা।
রংপুর-
এদিকে একই দিন ২৯ জুন সন্ধ্যা ৭টার দিকে সদর কোম্পানি, র্যাব-১৩, রংপুরের আরেকটি দল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর এলাকায় প্রাণ ডিপো সংলগ্ন নির্মাণাধীন টোল প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় ৯৪০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল সোবহান (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ শিমুলতলী গ্রামে।
ঠাকুরগাঁও
একইদিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালায়। অভিযানে মোঃ হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় কিসমত ভৈষা গ্রামের মোঃ হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও (মুন্সিপাড়া) এলাকার মো. নাজমুল (৬৪)কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য-উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।
দিনাজপুর-
দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন হতে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের সঙ্গে দুলু মিয়ার পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার ১২ মে/২০২৬ সকালে বাড়ির পাশে নিজ খেতের ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের সঙ্গে বাবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি নিয়ে আসে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার পিতা শহিদুল হক দুলু মিয়া লুটিয়ে পড়েন এবং মারা যান। এ সময় সৎভাই কাবিল বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে সাদিকুল। স্থানীয় লোকজন কাবিলকে অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে সকাল সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রথম স্ত্রীর ছেলে হাবিবুর রহমান @ হাবিল বাদী হয়ে গত ১৩ মে ২০২৬ তারিখে দিনাজপুরের চিরিরবন্দর থানায় তার সৎ ভাই ও সৎ মা সহ আরো সহযোগী আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং সদর কোম্পানী, র্যাব-৭, চট্টগ্রাম ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড রেলবিট এলাকায় অভিযান চালিয়ে বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো সাদেকুল ইসলাম (৩০) এবং ০২ নং আসামি মোঃ সাকিব (১৯) কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পৃথক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সমাজ থেকে হত্যা, অপহরণ, মাদক ও ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।