খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে দোয়া, বৃক্ষরোপণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা
একরামুল হক একরাম,লালমনিরহাট:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাটে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবার মতো সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’ এসব কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে আজ জোহরের নামাজের পর লালমনিরহাট জেলা মডেল মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে ৩০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে কর্মসূচিগুলোকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদ ও মোখলেছুর রহমান আকাশ বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি আবু সাঈদ মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট সংবাদদাতা জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা: ২০০৪ সালে প্রতিষ্ঠিত সেতু সামাজিক উন্নয়ন সংস্থা সরকারি নিবন্ধন নম্বর-১৭৩/৪ নিয়ে ‘একসাথে গড়ি নতুন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে সংগঠনটি যুক্ত রয়েছে।