৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

উলিপুরে তিন সপ্তাহ ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল, দিশেহারা পরিবার

7
2026-08-18 19:14:18

news-picture

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু লাতিফুল ইসলামের। গত ৩০ জুলাই দুপুরে উপজেলার দুর্গাপুর মাস্টার পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা-বাবা।

নিখোঁজ লাতিফুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার আবু জাহিদ বাদলের ছেলে। পরিবারের ভাষ্য, গত ৩০ জুলাই দুপুরে দুর্গাপুর মাস্টার পাড়া থেকে লাতিফুল নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, লাতিফুল ইসলাম বয়স ১০ বছর। উচ্চতা- ৪ ফিট ৬ ইঞ্চি, মুখমন্ডল-লম্বাটে, গায়ের রং-ফর্সা, মাথার চুল-কালো মাঝারি, কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। ৩০ জুলাই দুপুরে বাড়ি থেকে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত সে আর বাড়ীতে ফিরে আসে নাই। দীর্ঘ সময় ধরে সন্তানের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে মা-বাবার।

তার মা লতিফা বেগম বলেন, “আমাদের একমাত্র সন্তানকে আমরা ফিরে পেতে চাই। কেউ যদি লাতিফুলের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে দ্রুত আমাদের জানান। তার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি গত ৩১ জুলাই উলিপুর থানায় একটি জিডি করেন। জিডি নং- ১৩৮৭।"

লাতিফুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

কেউ লাতিফুলকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর—০১৭৩৯-৫৭৬০১৬ ও ০১৭৩৭-৭৪২১৩৯।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ লতিফুলকে উদ্ধারে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। তাকে দ্রুত উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়