৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

পীরগাছায় আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ১

3
2026-08-18 19:25:34

news-picture

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর):

রংপুরের পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) আনুমানিক রাত ৮টা থেকে ৯টার মধ্যে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের প্রবাসী রিপন ও রাসেলের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে এজাহার নামীয় মনু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী রিপন ও রাসেলের স্ত্রী-সন্তানরা পড়াশোনা ও পারিবারিক কারণে রংপুর মহানগরীতে বসবাস করেন। ঘটনার সময় বাড়িতে থাকা গৃহকর্মীও বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর লোহার রড দিয়ে দুই ভাইয়ের ঘরের আলমারি ভেঙে ভেতরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়।

গৃহকর্মী বেদানা ও স্থানীয় বাসিন্দা বুলবুলি বেগম জানান, রাত ৯টার দিকে তারা বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে পেছনের দেওয়াল দিয়ে এক শিশুকে ভেতরে পাঠিয়ে ভেতরের সিটকিনি খোলা হয়। ঘরে ঢুকে দেখা যায়, আলমারি ভাঙা, আসবাবপত্র ও কাগজপত্র এলোমেলো এবং স্বর্ণালঙ্কারের খালি বক্স মাটিতে পড়ে রয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী প্রবাসী রাসেল বলেন, "রাত ১০টার দিকে থেকে ফোনে আমাকে ডাকাতির বিষয়টি জানানো হয়। দুর্বৃত্তরা আমাদের আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে। আমরা মালামাল উদ্ধারসহ প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

খবর পেয়ে রাতেই পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে কথা বলে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রয়োজনীয় আলামত জব্দ করে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাতেই এলাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় এজাহারনামীয় আসামি ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে  মনু মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং অপরাপর জড়িতদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

  

সর্বশেষ

জনপ্রিয়