৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

110
2026-08-18 19:33:45

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন।

বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এরশাদুল হক, সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, নাসরিন আক্তার, আব্দুর রাজ্জাক, কেশব চন্দ্র বর্মন, মোজাহেদুল ইসলাম, নাসির হোসেন ও জয়নাব সুলতানা।

এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক মোরশেদুল হক লিটন, সাইফুল ইসলাম, নাসিমা বেগম ও আক্তারুজ্জামান বাবলা।

সভায় রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহধর্মিনী ও রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগমসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে প্রধান শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় ও তদারকি প্রয়োজন। প্রধান শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম, বিদ্যালয়ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

পরে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষকরা তাঁর কর্মজীবনের বিভিন্ন অবদান ও সাফল্যের কথা স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।

এছাড়া বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের মৃত্যুতে সভায় দোয়া ও মোনাজাত করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়