গঙ্গাচড়ায় ২য় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন স্কাউটিং শেখায় শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবতা
নিজস্ব প্রতিবেদক:
‘স্কাউটিং শেখায়—শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে ২য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে অনুষ্ঠিত কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মো. রায়হান সিরাজী বলেন, স্কাউটিং শিশুদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখায়। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও দেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে স্কাউটিংয়ের বিকল্প নেই। তিনি কাব সদস্যদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং স্কাউটিংয়ের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি হামিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, কাব ক্যাম্পুরীর মাধ্যমে কোমলমতি শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। স্কাউটিং শুধু প্রশিক্ষণ বা ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিশুদের সুন্দর ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার একটি কার্যকর মাধ্যম। গঙ্গাচড়ায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্কাউটার মাহবুবুল আলম প্রামাণিক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের কমিশনার শফিকুল ইসলাম চাঁন। এসময় স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
ক্যাম্পুরীতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব সদস্যরা অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দলগত কাজ ও সামাজিক দায়িত্ববোধের বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মোছা. জেসমিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পুরী আগামী ৮ অক্টোবর শেষ হবে।