৫ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২০ নভেম্বর, ২০২৬ - 20 November, 2026

গ্রামীণ ঐতিহ্যের সাজে লালমনিরহাট, প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে থাকছে তিস্তার বৈরালী মাছ ও ঐতিহ্যবাহী ভর্তা

49
2026-11-19 20:11:35

news-picture

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট :

তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে আজ এক উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারপ্রধানকে বরণ করে নিতে মহাসড়ক থেকে শুরু করে পুরো জেলা শহরকে সাজানো হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অপরূপ নান্দনিকতায়। পাশাপাশি তাঁর এই সফর ঘিরে পুরো জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিভিন্ন উন্নয়নমূলক ও সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দলীয় নানা কর্মসূচিতে অংশ নিতে এলেও সরকারপ্রধান হিসেবে উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলায় এটিই তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।

অতিথিকে বরণ করতে নেওয়া হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। প্রধানমন্ত্রীর যাতায়াতের সড়ক ও মহাসড়ক ধুয়েমুছে ঝকঝকে করা হয়েছে। রং-তুলির আঁচড়ে রঙিন রূপ পেয়েছে সড়কের দুধারের গাছপালা ও সরকারি-বেসরকারি অফিস ভবন। আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা শহর ও সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি।

লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান বাংলার চিরায়ত গ্রামীণ দৃশ্য ও ঐতিহ্যের নান্দনিক অবয়ব। দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর যাত্রাপথ ও সমাবেশস্থল। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গ্রামীণ ঐতিহ্যবাহী গান ও ডিসপ্লে প্রদর্শন করবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আঞ্চলিক গান ও নৃত্যের ছন্দে তুলে ধরা হবে লালমনিরহাট তথা বৃহত্তর রংপুর অঞ্চলের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুরের খাবার ও বিশ্রামের জন্য তিনি লালমনিরহাট সার্কিট হাউসে অবস্থান করবেন। জানা গেছে, মধ্যাহ্নভোজের তালিকায় থাকছে লালমনিরহাটের ঐতিহ্যবাহী সব পদ, যার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিস্তা নদীর সুস্বাদু বৈরালী মাছ ও হরেক রকমের ভর্তা। প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে তিনটি সমাবেশস্থলে পৃথক তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ডগ স্কোয়াড দিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে সমাবেশস্থল ও যাত্রাপথ। পুরো পথে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, “প্রধানমন্ত্রীর আগমনে জেলাবাসী অত্যন্ত উজ্জীবিত। তাঁকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে যান চলাচল সাময়িক সীমিত থাকলেও সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প পথের ব্যবস্থা রাখা হয়েছে।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি লালমনিরহাটে প্রথম সফর। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বরাবরের মতোই আমরা আমাদের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, প্রধানমন্ত্রীর সমাবেশস্থল আজ বিশাল জনসমুদ্রে পরিণত হবে।”

সর্বশেষ

জনপ্রিয়