২০ আশ্বিন, ১৪৩৩ - ০৫ অক্টোবর, ২০২৬ - 05 October, 2026

বোনের জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

10
2026-10-05 21:14:07

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত নুর মোহাম্মদ ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বোনের জমির অধিকার ও ভাগাভাগি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে বিকেলে তাঁদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে রক্তক্ষয়ী মারামারি শুরু হয়। তুচ্ছ এই ঘটনার জেরে ক্ষোভে অন্ধ হয়ে বড় ভাই নুর ইসলাম হঠাৎ লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের মাথায় প্রচণ্ড আঘাত করেন। লাঠির ঘায়ে মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ছোট ভাই।

আশপাশের মানুষ ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় নুর মোহাম্মদকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস উন্নত চিকিৎসার আশায় রাতে রংপুর নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আপন ভাইয়ের আঘাতেই নিভে গেল এক তরতাজা প্রাণ, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করে জেল-হাজতে পেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়