২২ আশ্বিন, ১৪৩৩ - ০৭ অক্টোবর, ২০২৬ - 07 October, 2026

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

42
2026-10-07 11:05:03

news-picture

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় রিওন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বন্ধু নাফিজ আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিওন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম মন্টুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যান রিওন। সেখানে মোবাইল ফোন কেনা শেষে রাতে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা।

পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিওন ও নাফিজ। ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত নাফিজকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী সোহেল রানা বলেন, মহেশপুর থেকে কোটচাঁদপুরের দিকে যাওয়ার সময় কাটাখালী এলাকায় মোটরসাইকেল ও একটি দ্রুতগতির ট্রাকের সংঘর্ষ দেখতে পান তিনি। দুর্ঘটনার পর একজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিওনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়