৩০ কার্তিক, ১৪৩৩ - ১৫ নভেম্বর, ২০২৬ - 15 November, 2026

গঙ্গাচড়ায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

115
2026-11-14 20:45:43

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নৈতিক (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে গঙ্গাচড়া সরকারি কলেজের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মাহমুদ নৈতিক উপজেলার গজঘন্টা ইউনিয়নের কাষ্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে। তিনি চলতি বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গঙ্গাচড়া বাজারে একটি নতুন বেকারির দোকান চালু করেন নৈতিকের বাবা। শনিবার দুপুরে ওই দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে মোটরসাইকেলে রংপুরের দিক থেকে গঙ্গাচড়া বাজারে যাচ্ছিলেন নৈতিক। পথে গঙ্গাচড়া সরকারি কলেজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গঙ্গাচড়াগামী একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়