মায়ের অপেক্ষায় ছেলে, স্ত্রীর খোঁজে দিশাহারা স্বামী তিন মাস ধরে নিখোঁজ গৃহবধূ নাসিমা বেগম
আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করলেও নিখোঁজের তিন মাসেও গৃহবধূর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
নিখোঁজের সূত্রপাত ও সিসিটিভি ফুটেজ:
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোযোগে বের হন নাসিমা বেগম। একই অটোতে তাঁর মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড় নামক এলাকায় বাথরুমের চাপ দিলে নাসিমা বেগম বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তাঁর ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাঁকে পুনরায় অটোতে তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজারমোড়ে সিসিটিভি ফুটেজে তাঁকে অটো থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি সম্পূর্ণ নিখোঁজ।
চর ধাউরারকুটি ও মিজানুরের রহস্যময় তথ্য:
নাসিমা বেগমের নিখোঁজের ৮/১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সাথে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ে পাওয়া গেছে যিনি নাসিমা বেগম নন।
এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামে এক ব্যক্তি জানান, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পার্শ্ববর্তী একটি বাড়িতে তিনি অচেতন অবস্থায় দেখেছিলেন। নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া এই তথ্য পেয়ে ওই বাড়িতে যাওয়ার আগেই মেয়েটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সন্দেহভাজন ওই পরিবারের সকলেই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরিবারের অতীত ও ভারতের যোগসূত্র:
নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, তিনি ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে ভারতের দিল্লিতে যাতায়াত করতেন এবং ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাপের বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানামুখী জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তাঁরা।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ও আকুতি:
নিখোঁজ নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট আমার মা নিখোঁজের সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লিতে অবস্থান করছিলেন। মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ১২ দিন পর্যন্ত মায়ের অপেক্ষায় দিল্লিতে অবস্থান করেন। সেই ফাঁকে দিল্লিতে অবস্থানরত তার মামা ও খালাসহ বিভিন্ন পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজখবর করেন। কিন্তু ১২ দিন পেরিয়ে গেলেও মায়ের কোনো হদিস না পেয়ে ৩০ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। নাসিম মিয়ার অভিযোগ, তাঁর মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, পেটের দায়ে তিনি ভারতের দিল্লিতে গিয়ে ভাঙ্গরির ব্যবসা করতেন। জমাকৃত ভাঙ্গরি বিক্রি হয়ে গেলে স্ত্রীসহ বাংলাদেশে ফেরত আসতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থের সংকট হলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ধরে ভারতে আসা যাওয়া ও ব্যবসা শেষে তাঁরা কিছুদিন আগে সপরিবারে বাংলাদেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। স্ত্রী মাঝে মধ্যে নাগেশ্বরীতে গিয়ে টুকটাক বাড়ির জিনিসপত্র কিনতেন। সেই মানুষ এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। প্রিয়তমা স্ত্রী এভাবে হঠাৎ উধাও হয়ে গেল। অথচ পুলিশ কোনো তথ্যই উদ্ধার করতে পারছে না। স্ত্রীকে ফেরত চান তিনি।
রামখানা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাঁকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটা অপহরণ নাকি নিখোঁজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদী অপহরণ মামলা করেছে। মামলা তদন্তাধীন রয়েছে। এখনো রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। ভিকটিমকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে নিরুপায় পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং প্রশাসনসহ সাধারণ মানুষের কাছে নাসিমা বেগমকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছেন।