৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

কুড়িগ্রামের লালন আখড়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন

58
2026-11-16 17:28:52

news-picture

আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রবিবার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।

দীর্ঘ ১৫ বছর ধরে প্রত্যন্ত এই গ্রামটিতে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার্যক্রম পরিচালনা করা হয়। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের আগমনের মাধ্যমে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে পালিত হলো লালন সাঁইজির তিরোধান দিবস।

আয়োজকরা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এই স্থানটিতে ২০১১ সাল থেকে প্রত্যেক বছর বাংলা কার্তিক মাসের শেষ রবিবার ভক্ত ও সাধুসন্ন্যাসীদের আগমনের মাধ্যমে বাৎসরিক মিলন মেলা আয়োজন করা হয়। মিলন মেলাকে ঘিরে বসে জাঁকজমকপূর্ণ গ্রামীণ মেলা। স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজির নামে ১০ শতক জমি ওয়াকফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ এখন সেই আখড়াবাড়ি পরিণত হয়েছে তীর্থস্থানে।

কুষ্টিয়ায় লালন উৎসব পালনের পর কুড়িগ্রামে বসে এই লালন তিরোধান দিবস। দিনে বসে মেলা, সন্ধ্যার পর সাধু সঙ্গদের পরিবেশনায় রাতভর চলে ভাব-সংগীতের আসর। এই আসরে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা।

সন্ধ্যায় ভাবসংগীতের আসর উদ্বোধনকালে  বক্তব্যদেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা জাসাস আহ্বায়ক আহসান হাবীব সজিব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন একাডেমির সভাপতি আবু নইম, কুড়িগ্রাম লালন একাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল। এর আগে বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।

রাজশাহীর বাউল দুলাল শাহ জানান, লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা সাধু সঙ্গের পদধূলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি।

 

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর জানান, এখানে বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আমরা এটাকে দেশের দ্বিতীয় বৃহত্তর লালন চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আগামীতে এ অনুষ্ঠান কয়েকদিন ব্যাপী করা হবে।

কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নুরনবী জানান, কুষ্টিয়ায় অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এখানে ছুটে আসেন প্রাণের টানে এবং লালনের মায়ায়। আমরা আগামী বছর  ২/৩ দিন ব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নিবো।

কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, লালন প্রিয় লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসনের লোকজন ও পুলিশ বিভাগ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করলে এখানে স্বাচ্ছন্দে সারা দেশের মানুষ এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

 দ্বিতীয় বৃহত্তর চর্চাকেন্দ্রের পথে কুড়িগ্রাম:

কুষ্টিয়ার ছেঁউড়িয়াকে লালন চর্চার প্রধান কেন্দ্র ধরা হলেও, কুড়িগ্রামের চর শিমুলবাড়ীর এই আখড়াটি এখন আর নিছক একটি গ্রামীণ মেলা নয়। ১৫ বছরের ধারাবাহিকতায় এটি উত্তরবঙ্গের লালন ভক্তদের প্রধান মিলনস্থলে পরিণত হয়েছে।

লালনের দর্শন ছিল জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান। তাঁর গানে বারবার ফিরে এসেছে ‘মানুষ’ ভজার কথা—

“মানুষ ভজলে সোনার মানুষ হবি”

 “জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা,

সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না”

 

“সব লোকে কয় লালন কি জাত সংসারে,

লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে”

 

চর শিমুলবাড়ীতে রাতভর এই গানগুলো যখন বাউলদের কণ্ঠে ধ্বনিত হয়, তখন তা শুধু বিনোদন থাকে না— তা হয়ে ওঠে আত্মশুদ্ধির সাধনা, সম্প্রীতির বার্তা। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও লোকসংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই আখড়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের দ্বিতীয় বৃহত্তর লালন চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আয়োজকরা দেখছেন, তা বাস্তবায়িত হলে কুড়িগ্রাম শুধু সীমান্ত জেলা হিসেবে নয়, লালন দর্শনের নতুন তীর্থ হিসেবেও জাতীয় মানচিত্রে স্থান করে নেবে। এ জন্য প্রয়োজন স্থায়ী অবকাঠামো, রাস্তা সংস্কার, পুকুর ভরাট ও সরকারি পৃষ্ঠপোষকতা— যার দাবি তুলেছেন আখড়ার উদ্যোক্তা ছালেক শাহ।

সর্বশেষ

জনপ্রিয়