৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

কুড়িগ্রামে কুয়াশা আর হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা : দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

52
2026-11-17 16:18:16

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

 কার্তিকের শেষ দিকে কুড়িগ্রামে শীতের আমেজ জেঁকে বসতে শুরু করেছে। সারাদিন সূর্যের দেখা নেই। ভোরে থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সাধারণ মানুষের জুবুথুবু অবস্থা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা কুয়াশার  চাদরে ছিলো ঢাকা।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সুবল চন্দ্র জানায়, মঙ্গলবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । সকাল থেকে প্রকৃতি কুয়াশায় ঢাকা। সূর্যের মুখ দেখা যায়নি। বাতাসে আর্দ্রতা ৭০ শতাংশের কাছাকাছি। উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ৯ কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছে। আগামীকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে  পারে।

খোঁজ নিয়ে জানাযায়, সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা পাড়ের চরাঞ্চল, উলিপুর, রৌমারী, নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যায়। এ সময় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনকে। আর গতকাল সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যার পর তাপমাত্রা দ্রুত কমতে থাকে। রাত ৯টার পর তাপমাত্রার পারদ আরো কমে যায়। এই সময় উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হয়।

শীতের এই আগমনী ধাক্কায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ, দিনমজুর, রিকশা-ভ্যানচালক, কৃষক, নদী পারাপারের মাঝি ও ভোরে কাজে বের হওয়া শ্রমিকরা।

চর এলাকায় এখনো অনেক পরিবারের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। খড়ের ঘর, টিনের চালা আর খোলা বারান্দায় রাত কাটানো মানুষের জন্য সন্ধ্যার পরের হিমেল হাওয়া কষ্ট বাড়িয়ে দিচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

 কৃষক আমজাদ,আজাদ ও আহাম্মদ জানান, ভোরে মাঠে ধান কাটা, সবজি তোলা আর গরু-ছাগল নিয়ে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

কুড়িগ্রাম শহরের পুরাতন কাপড়ের বাজার, ফুটপাত ও শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। নিম্ন আয়ের মানুষ কম দামে সোয়েটার, চাদর, কম্বল কিনছেন। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় এবার ক্রেতা বেড়েছে।

সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম বলেন,

ঠান্ডার কারণে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, ডায়রিয়া, কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগ দেখা দিয়েছে।

 ভোরে ও রাতে বাইরে বের হলে গরম কাপড় পরা, শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার পরামর্শ দেন এ চিকিৎসক। একই সঙ্গে গরম পানি  ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম বেবু  জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে চরাঞ্চলসহ দরিদ্র পরিবারগুলোর জন্য দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়ে বলেন, এসব মানুষ খুব কষ্টে আছে। জেলার ছোট্ট বড় সাড়ে চার শতাধিক চরের কয়েক লক্ষ দরিদ্র মানুষ শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়