গোবিন্দগঞ্জে নারীসহ ৪জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পর্শে ও পানিতে ডুবে পৃথক ঘটনায় নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভেরেন্টি গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে জহুরুল ইসলাম সবুজ(৪৬) গতকাল বুধবার(১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের তার শ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে বিদ্যুৎস্পর্শে মারা যায়। এছাড়াও আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখীসুখি পাড়া গ্রামের শীমল হাজদা(২৪) নামে এক যুবক তার নিজ ঘরে বিদ্যুৎস্পর্শে মারা যায়। সে ওই গ্রামের মৃত রহর হাজদার ছেলে।
এদিকে, উপজেলার কামারদহ ইউনিয়নের মধ্য মাস্তা(দক্ষিণ পাড়া) গ্রামের মাদকাসক্ত যুবক আব্দুল মমিনের(৩২) মরদেহ আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন। সে ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অপরদিকে, গতকাল বুধবার(১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার(৭০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
পৃথক ঘটনায় এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, এসব ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে এবং মরদেহগুলো ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।