ফুলবাড়ী সীমান্তে দীর্ঘ প্রায় ১১ টা ঘন্টা শেষে কিশোরীকে ফেরত দিল বিএসএফ
আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শনিবার বেলা ১২ টা থেকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শেষে রাত ১০.৪২ মিনিটে ১২ বছরের এক কিশোরী অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহীনি (বিএসএফ)।
সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানাযায়, শনিবার উপজেলার কাশিপুরের ঘগয়ারপাড় এলাকার মোঃ জামাল উদ্দিন ও নাজমা বেগম দম্পতির কিশোরী মেয়ে জয়নব খাতুন (১২) কে তাদের নিজস্ব বাড়ীতে “মা” রাগারাগি করলে সে মনের ক্ষোভে পাশের বাড়ীর কথা বলে তার বাড়ী থেকে প্রায় দেড়-দু কিলোমিটার দুরে সীমান্তবর্তি দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্ত এলাকার আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ এর নিকট দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এসময় টহলরত ভারতীয় বিএসএফ তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ঠেলিয়ে দেয়। পরবর্তিতে টহলরত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কাশিপুর বিওপি’র সদস্যরা বিষয়টি জানতে পেয়ে কিশোরী জয়নবকে আবারো তাকে ভারতে পাঠিয়ে দেয়। এনিয়ে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবির কঠোর প্রতিরোধের মধ্যে ওই কিশোরীকে নিয়ে ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের ধাপরাহাট বিওপির সদস্যরা সীমান্তবর্তি ভারতীয় গ্রাম শুকারেরকুটি থেকে কাটাঁতার পেড়িয়ে তাকে তাদের বিওপিতে নিয়ে যায়। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ বিজিবিকে বিষয়টি জানালে তাৎক্ষনিক ভাবে বিজিবি কিশোরী জয়নবের পরিবারের সঙ্গে যোগাযোগ শেষে রাত ১০.৪২ মিনিটের দিকে আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ পতাকা বৈঠক শেষে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র নিকট তাকে হস্তান্তর করে বিএসএফ। এসময় স্থানীয় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক, ইউপি সদস্য ফেরদৌস আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক জানান, কিশোরী জয়নবকে আমিসহ বিজিবির সদস্যগণের উপস্থিতিতে বিএসএফ গভীর রাতে ফেরত দিয়েছে। সে এখন আমার জিম্মায় রয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।