৩ শ্রাবণ, ১৪৩৩ - ১৮ জুলাই, ২০২৬ - 18 July, 2026

উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

28
2026-07-18 19:15:16

news-picture

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে সরকারি রাস্তার চারটি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. আব্দুল আজিজ ফারুক। অভিযোগের অনুলিপি কুড়িগ্রামের জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে থেতরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সরকারি রাস্তার চারটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়া হয়। এতে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করেছেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের গেট নির্মাণের জন্য দুটি গাছ কাটা হয়েছে। গাছগুলো বিক্রি করা হয়নি, পরিষদ চত্বরে সংরক্ষণ করে রাখা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ বলেন, 'অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়