কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস, ঝুঁকিতে সড়ক ও রেল সেতু
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। বিগত দিনের টানা বৃষ্টি ও তিস্তার তীব্র স্রোতে বাঁধের পাড়ের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একই সঙ্গে বাঁধ রক্ষায় ব্যবহৃত কংক্রিট ও সিসি ব্লকের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে ভাঙন আরও বিস্তৃত হলে তিস্তা নদীর ওপর থাকা গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতু ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, নদীর প্রবল স্রোতে বাঁধের পাড় থেকে মাটি ক্রমেই সরে যাচ্ছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। বাঁধের সুরক্ষায় স্থাপন করা সিসি ব্লকের বড় একটি অংশ ধসে পড়ে নদীর পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে সেতুর আশপাশের বাঁধ ও নদীতীর আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল আহসান বলেন, “বাঁধের এই অংশে মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ব্লকগুলোও ধসে পড়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আরও ছড়িয়ে পড়তে পারে। এতে সড়ক ও রেল সেতুও ঝুঁকিতে পড়বে।”
আরেক বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের দাবি জানাচ্ছি। বাঁধ ভেঙে গেলে শুধু ঘরবাড়ি ও কৃষিজমিই নয়, গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতুও হুমকির মুখে পড়তে পারে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা। তিনি বলেন, “আমি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে কীভাবে এই ভাঙন রোধ করা যায়, সে বিষয়ে কাজ চলমান রয়েছে।”
স্থানীয়দের দাবি, তিস্তা নদীর স্রোত ও পানির গতিপথ বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের পাশাপাশি স্থায়ীভাবে সুরক্ষিত করতে হবে। তা না হলে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করে তিস্তা সড়ক ও রেল সেতুর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।