নামফলক থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামফলক থেকে নাম মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ আহ্বায়ক কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন। এসময় প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা মানববন্ধনে অংগ্রহণ করেন।
বক্তারা বলেন, রৌমারীর ঐতিহাসিক চাঁনমারী প্রশিক্ষণের গুলির চিহ্ন এবং ১৯৭১ সালের যুদ্ধের সময় শহীদ হওয়া আমাদের ৯ জন বীর মুক্তিযোদ্ধার নামফলক থেকে তাদের নাম মুছে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্মৃতিবিজড়িত এই নামফলকটি পুনরায় সংরক্ষণ করা হোক। রৌমারী একটি ঐতিহাসিক মুক্তাঞ্চল, এখানকার বীরদের অপমান কোনোভাবেই সহ্য করা হবে না।
উল্লেখ্য, গত শনিবার রাতের আঁধারে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত ঐতিহাসিক চাঁনমারী প্রশিক্ষণের গুলির চিহ্ন এবং ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম চুন দিয়ে মুছে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।