১৮ ফাল্গুন, ১৪৩২ - ০২ মার্চ, ২০২৬ - 02 March, 2026

রংপুর মাহিগঞ্জে সরকারি রাস্তা উদ্ধার নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত ৭

2 hours ago
10


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন, পীরগাছা উপজেলার নয়ানদীর পাড় এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের চারজনসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে রাস্তাটির সীমানা নির্ধারণের সময় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নয়ানদীর পাড় এলাকায় একটি সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি পক্ষ দখল করে রেখেছিল। ভুক্তভোগী শাহজাদা মিয়ার আবেদনের প্রেক্ষিতে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ রাস্তাটি উদ্ধারের উদ্যোগ নেয়। সোমবার সকালে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সীমানা নির্ধারণের কাজ শুরু হলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কল্যাণী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নেছার আহমেদ বলেন, "পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আমরা সীমানা নির্ধারণে বসি। আলোচনা চলাকালেই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ভুক্তভোগী শাহজাদা মিয়ার পক্ষের ৪ জন এবং অপর পক্ষের ৩ জন আহত হয়েছেন।"

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন মির্জা সুমন জানান, ২০২১ সালের ডিসেম্বরে একবার রাস্তাটি উদ্ধার করা হলেও তৎকালীন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফেরদৌস আলম ফুলারের নেতৃত্বে তা পুনরায় দখল করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পুনরায় আবেদনের প্রেক্ষিতে আজ এই সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ভুক্তভোগী পক্ষের নুর হোসেন ও শাহ আলম অভিযোগ করেন, আলোচনা চলাকালে তালতলার আলুর ব্যাপারী সাইদুল মুন্সির উস্কানিতে, ফেরদৌস আলম ফুলার গ্রুপের পক্ষ থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে শাহাজাদা মিয়া (৫৫), ওমর ফারুক (১৭), সবজা বেগম (৫৫) ও মৌসুমি বেগম (২৩) গুরুতর আহত হন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ফেরদৌস আলম ফুলার বলেন,"গত ৬৫ বছর ধরে এখানে কোনো রাস্তা ছিল না। তারা হঠাৎ করে গণ্ডগোল করার প্রস্তুতি নিয়ে এসে আমাদের পক্ষের মাহাফুজার (২২), মাসুদ (২৪) ও ফজলুর রহমানকে (৫০) পিটিয়ে আহত করেছে।" আমরা এই ঘটনার ন্যায্য বিচার চাই।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল (৩ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় দুই পক্ষকে থানায় তলব করা হয়েছে। কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth