৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

তিস্তায় পাথর উত্তোলনে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট চলমান, তবু থামছে না প্রভাবশালী সিন্ডিকেট

2 hours ago
23


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক যৌথ অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং ড্রেজার ও সরঞ্জাম জব্দের কার্যক্রম অব্যাহত থাকলেও প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই থামছে না। প্রশাসনের অভিযানের পর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকলেও অল্প কিছুদিনের মধ্যেই আবারও তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে পাথর উত্তোলন শুরু হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, তিস্তা নদীর বিভিন্ন চর ও পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছে। প্রশাসনের নিয়মিত অভিযান, শ্রমিক আটক, জরিমানা ও সরঞ্জাম জব্দের ঘটনাও ঘটছে। তবে অভিযোগ রয়েছে অভিযানে মূল হোতারা ধরা না পড়ায় সিন্ডিকেটটি বারবার নতুন শ্রমিক দিয়ে আবারও কার্যক্রম চালু করছে।

শনিবার (১৪ মার্চ) তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রস্ততিকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ডিমলা থানা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে পাথর উত্তোলনের  কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করে।  কিন্তু স্থানীয়দের মতে, প্রকৃত নিয়ন্ত্রকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় অবৈধ পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ হচ্ছে না।

নদী তীরবর্তী বাসিন্দারা জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে তিস্তা নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও অবকাঠামো হুমকির মুখে পড়ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয় সচেতন মহলের মতে, শুধুমাত্র শ্রমিক আটক বা জরিমানা দিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়। অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী সিন্ডিকেট, অর্থদাতা ও মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তিস্তা নদীর ওপর চলমান এই লুটপাট বন্ধ করা কঠিন হয়ে পড়বে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth