২ চৈত্র, ১৪৩২ - ১৬ মার্চ, ২০২৬ - 16 March, 2026

পীরগঞ্জে ক্যাপসিকাম সবজি চাষে অধিক মুনাফায় কৃষক : আগ্রহী হচ্ছেন অন্য চাষি

1 hour ago
21


পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:  

উচ্চফলনশীল বিদেশি সবজি ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের কৃষক শাহিন আলম।

চলতি রবি মৌসুমে ২০২৫-২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনীর আওতায় জাবরহাট ইউনিয়নের বড়বাড়ি গ্রামের কৃষক শাহিন প্রায় ১ বিঘা জমিতে গ্ৰীনবেল জাতের ক্যাপসিকাম নামের নতুন এই সবজি চাষ করেছেন।

কৃষি বিভাগ জানায়, ক্যাপসিকাম চাষ অত্যন্ত লাভজনক একটি কৃষি খাত। প্রতি বিঘা জমিতে এই ফসল আবাদ করতে কৃষকদের খরচ হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। তবে ফসল উৎপাদন শেষে বাজারজাত করা সম্ভব হলে একই জমি থেকে প্রায় ১ লাখ থেক ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

ভিটামিন-সি সমৃদ্ধ গ্রীনবেল জাতের ক্যাপসিকাম ১২০ দিন জীবনকাল। এই সবজির চারা রোপণের ৬০ দিনের মাথায় ফল দেওয়া শুরু হয়। নতুন জাতের এই সবজির বাজারে বেশ চাহিদা। কৃষকরা সঠিকভাবে এই সবজি পরিচর্যা করলে অল্প সময়েই কৃষকরা অধিক মুনাফা অর্জন করতে পারেন।

কৃষক শাহিন আলম জানায়, কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিদেশি এই সবজি চাষ

করেছি, ফসল খুবই ভাল হয়েছে। গত এক সপ্তাহে ১৫০ টাকা দরে প্রায় চার শতকেজি ক্যাপসিকাম প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে ক্যাপসিকাম চাষ থেকে চলতি মৌসুমে খরচ বাদ দিয়ে এক লক্ষাধিক টাকা মুনাফা সম্ভব হবে। স্বল্প সময়ে বিদেশি এই ক্যাপসিকাম সবজি চাষে অধিক লাভজনক হওয়ায় এলাকার কৃষকরা আগ্রহী হচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হাসান বলেন, ক্যাপসিকাম চাষ একটি লাভজনক ব্যবসা। ক্যাপসিকাম চাষ খুবই সহজ। আমরা যেমন মরিচ চাষ করি ঠিক তেমনি। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে রোগবালাই না লাগে। আর যেহেতু এটা সালাদ বা কাঁচা খাওয়া যায় এজন্য কীটনাশকমুক্ত চাষ করতে হবে। এই সবজি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমি মনে করি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth