সীডস অফ সাদকাহ’র উদ্যোগে গঙ্গাচড়ার ৬ ইউনিয়নে ২১টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
শেল্টার প্রজেক্টের অর্থায়নে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও গৃহহীন মানুষের জন্য ২১টি আধুনিক সুবিধাসম্পন্ন দুই কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের পশ্চিম মনিরাম গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
জানা যায়, ‘সীডস অফ সাদকাহ’ প্রকল্পের আওতায় গঙ্গাচড়া, আলমবিদিতর, বড়বিল, বেতগাড়ী, নোহালী, কোলকোন্দ ইউনিয়নে পর্যায়ক্রমে এসব ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরে থাকবে দুটি শয়ন কক্ষের পাশাপাশি সংযুক্ত বাথরুমের সুবিধা, যা বসবাসকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, “মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। ‘সীডস অফ সাদকাহ’র মতো উদ্যোগ নিঃসন্দেহে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হলে সমাজে বৈষম্য কমে আসবে এবং একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।”
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, মিডিয়া সেল প্রধান আশরাফুল আলম, ইউনিয়ন মানবকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা সভাপতি সোয়াইবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টেকসই ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাসস্থান প্রদান করা হবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।