১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: (হেলপার) নিহত, আহত চালক

1 hour ago
40


ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় আপন চন্দ্র দাস (২৬) নামে এক চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের অকিন চন্দ দাসের ছেলে। আহত বিকাশ চন্দ্র নীলফামারী সদর উপজেলার টুপামারি গ্রামের বাসিন্দা। সম্পর্কে তাঁরা শ্যালক-দুলাভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার পথে চাকা নষ্ট হয়ে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে আটকা পড়ে। ট্রাকটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

রাত আড়াইটার দিকে নীলফামারী থেকে বগুড়াগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিলিন্ডারবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে চালক ও সহকারী আটকা পড়েন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে ভেতর থেকে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। একই সময় আহত চালক বিকাশ চন্দ্রকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার উপপরিদর্শক সাব্বির আলম বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।" বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth