১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

বেরোবি প্রশাসন যেন দুর্নীতির বরপুত্র: ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে ৮ কর্মকর্তার পদোন্নতি

2 hours ago
20


শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসন যেন দুর্নীতির বরপুত্র। যখন যিনি উপচার্যের দায়েত্বে থাকেন তিনিই দুর্নীর শীর্ষে থাকেন। এমনি একটি ঘটনা অনুসন্ধানে জানা গেছে। সাবেক উপাচার্য উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর বিরুদ্ধে। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে ৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন তার সময় কালে।

বিধি বহির্ভূতভাবে চতুর্থ গ্রেডে পদোন্নতি দেয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ওই তদন্ত কমিটি গঠন করে।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে (স্মারক নং: ৩৭.০১.০০০০.০০০.১৫২.২৭.০০০৪.২২.৫৫) তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউজিসির অডিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং ইউজিসির লিগ্যাল শাখার সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেরোবির সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ইউজিসির স্পষ্ট নির্দেশনা অমান্য করে উপ-রেজিস্ট্রার/সমমানের ৮ জন কর্মকর্তাকে চতুর্থ  গ্রেডভুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার/সমমানের পদে আপগ্রেডেশন প্রদান করেন। অথচ ইউজিসি ২০২১ সালের ৩১ অক্টোবর জারি করা এক পত্রে স্পষ্টভাবে জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে চতুর্থ গ্রেডভুক্ত পদে পদোন্নতি বা আপগ্রেডেশনের কোনো সুযোগ নেই; এসব পদে শুধুমাত্র উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে।

পরবর্তীতে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ছয় দফা চিঠির মাধ্যমে একই নির্দেশনা  দেওয়া হলেও ২০২৪ সালের ৩০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় এসব পদোন্নতি অনুমোদন করা হয়।

এ পদোন্নতি দেয়ার বিষয়ে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের শর্তে পদোন্নতিপ্রাপ্ত ড. মোঃ জিয়াউল হক এখনও সংস্থাপন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিয়োগপ্রাপ্ত ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী ও প্লানিং অফিসার এস এম আব্দুর রহিমসহ মোট ৮জন কর্মকর্তাকে ৪র্থ গ্রেডভুক্ত পদে বিধিবর্হিভুতভাবে পদোন্নতি প্রদান করা হয়। এ অনিয়মের বিষয়ে ইতোপূর্বে ‘আমাদের প্রতিদিনে’ একাধিক খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, গঠিত তদন্ত কমিটিকে এসব অভিযোগ বিস্তারিতভাবে অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা, অনুলিপি সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ক্ষমতাও প্রদান করা হয়েছে তদন্ত কমিটিকে।

ইতোমধ্যে ইউজিসির বাজেট পর্যবেক্ষণ দল এই পদোন্নতিকে ‘নিয়মের ব্যত্যয়’ এবং ‘আর্থিক ক্ষতি’র কারণ হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে বললেও বর্তমান উপাচার্য এ বিষয়ে নির্বিকার। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর অবস্থান এবং তদন্ত কমিটি গঠন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইউজিসির অডিট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা চিঠি পাওয়ার পরে কমিটির একটি মিটিং করা করেছি। সেই মিটিংএ একটি চেক লিষ্ট প্রস্তুত করা হয়েছে, কি ধরনের নথিপত্র প্রয়োজন তার তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব দ্রুততম সময়ে কমিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গিয়ে সরেজমিন তদন্ত কাজ শুরু হবে। বেরোবি’র উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী এ সম্পর্কে বলেন, আমি এ বিষয়ে অবহিত হয়েছি, বিধিবহির্ভূতভাবে ৮জন কর্মকর্তার চতুর্থ গ্রেডে পদোন্নতির বিষয়ে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশে বিশ্বিবিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তদন্ত কমিটি তদন্ত শুরু করলে নিয়ম মেনেই তাদের সহযোগিতা করা হবে। কমিটি খুব দ্রুততম সময়ের মধ্যে বিশ্বিবিদ্যালয়ে এসে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth