২০ চৈত্র, ১৪৩২ - ০৩ এপ্রিল, ২০২৬ - 03 April, 2026

তেল সংকটে হিলি স্থলবন্দরে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকেরা

3 hours ago
16


হিলি প্রতিনিধি:

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলি স্থলবন্দরেও জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। তেলের সংকট ও চড়া দামের অজুহাতে হিলি থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া একলাফে ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। অন্যদিকে, পণ্য খালাস ও পরিবহন কমে যাওয়ায় কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্দরের শত শত  শ্রমিক।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দর দিয়ে গম, ভুট্রা, ময়দা, জিরাসহ নানা পণ্য আমদানি হয়ে থাকে। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও দেশের মধ্যে পণ্য সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে বন্দরের ব্যবসায়ীদের। গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রাক পাওয়া যেমন দুষ্কর হয়ে পড়েছে, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী হযরত আলী জানান, আগে যে ট্রাক ঢাকা যেতে ১৮-২০ হাজার টাকা নিত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫-২৭ হাজার টাকায়। পরিবহন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে আমদানিকৃত পণ্যের দামের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে। আমদানি করা পণ্য সময়মতো দেশের বিভিন্ন বাজারে পাঠাতে না পারলে পচে যাওয়ার ঝুঁকি থাকে। এই সুযোগে ট্রাক মালিক ও চালকরা ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছেন। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

হিলি স্থলবন্দরের শ্রমকিরা জানান, তেল সংকটের কারণে বন্দরে ট্রাকের আগমন কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে কুলি ও লোড-আনলোড শ্রমিকদের ওপর। প্রতিদিন যেখানে শত শত ট্রাক লোড-আনলোড হতো, সেখানে এখন তা অর্ধেকের নিচে নেমে এসেছে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকেরা দিনশেষে খালি হাতে বাড়ি ফিরছেন। অনেক শ্রমিকের মতে, কাজ না থাকায় তাদের পরিবারের তিন বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে।কাজ না থাকায় অলস সময় পার করছেন তারা।

ট্রাক চালক আরমান হোসেন জানান, তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। এছাড়া খুচরা বাজারে চড়া দামে তেল কিনে গাড়ি চালাতে হচ্ছে বলেই ভাড়া বৃদ্ধি করতে তারা বাধ্য হয়েছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth