২২ চৈত্র, ১৪৩২ - ০৬ এপ্রিল, ২০২৬ - 06 April, 2026

আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গঙ্গাচড়ায় বিক্ষোভ

7 hours ago
31


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় মহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে শফিকুল ইসলাম নিশানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ তাওহিদী জনতা। শনিবার (৪ এপ্রিল) মাগরিবের নামাজের পর উপজেলার বেতগাড়ি বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বেতগাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম নিশান বেতগাড়ি ইউনিয়নের কিশামত শেরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসনের এক আদেশে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার এক পোস্টে মন্তব্য করে নিশান মহান আল্লাহকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিশান ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি দাবি করেন, উত্তেজনার বশে ভুল মন্তব্য করেছেন এবং এ জন্য অনুতপ্ত।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের সুষ্ঠু বিচার হওয়া উচিত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তাওহিদী জনতার পক্ষে বক্তব্য দেন বেতগাড়ি মসজিদের ইমাম মাওলানা শোয়াইব আবরার, মো. নাজিরুল, মো. জীবন হোসাইন ও তৈয়ব আলী।

এ বিষয়ে অভিযুক্ত নিশানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

পাকুড়িয়া শরীফ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, গঙ্গাচড়া কেন্দ্রীয় বাজার মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের খতিব মাওলানা আব্দুল ওহাব বলেন, অভিযুক্ত ব্যক্তি গুরুতর ধর্মীয় অপরাধে জড়িয়েছেন। তিনি প্রচলিত আইনের আওতায় শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ  পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth