রাজারহাটে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসায় নিয়োগ বাণিজ্য বন্ধে মানববন্ধন
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৫এপ্রিল) দুপুরে মাদরাসার প্রধান ফটকে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অনেকে। প্রতিবাদী বক্তারা টাকার বিনিময়ে নিয়োগদান, জমিদাতা থেকে চাকরি প্রত্যাশীদের সুযোগ এবং মাদরাসার জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, মাদরাসার প্রিন্সিপাল শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে মাদরাসার কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদরাসার উন্নয়ন চাই।
আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগের পায়তারা চলছে। এমনকি নিয়োগ বানিজ্য করতে নিয়োগ পরিক্ষার জন্য রাজারহাট কামিল মাদরাসায় ভেন্যু করা হয়েছে। আমরা টাকার বিনিময়ে কোনো নিয়োগ চাই না। এটা বন্ধ করে উন্মুক্তভাবে নিরপেক্ষ নিয়োগ চাই।
ওই মাদরাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, আমাদের মাদরাসায় ক্লাস হয় না ঠিকমতো। প্রধান হুজুর আসেন না। মাদরাসার উন্নয়ন চাই।
এ বিষয়ে মাদরাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার(১৬এপ্রিল) রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান বলেন, নিয়োগ বানিজ্যের বিষয়টি কেউ অভিযোগ করেনি। তবে মানববন্ধনের বিষয়টি শুনেছি।