পীরগঞ্জে এসএসসি পরীক্ষার সকল কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন
পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন, শিক্ষা
বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পীরগঞ্জে চলতি বছরে এসএসসি পরীক্ষার ৯টি কেন্দ্রে ৪ হাজার ২’শ ৫৩, দাখিলের ২টি কেন্দ্রে ১ হাজার ৬০ ও ভোকেশনালের ৩টি
কেন্দ্রে ৩’শ ২৬ জনসহ ১৪টি কেন্দ্রে মোট ৫ হাজার ৬’শ ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, আসন বিন্যাস, আলো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা
হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত
পরিবেশ নিশ্চিত করতে সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন জানান, পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতাভূক্ত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও গ্রাম
পুলিশ মোতায়েন থাকবে। প্রশ্নপত্র ফঁাস রোধে কঠোর নজরদারির পাশাপাশি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া পরীক্ষা চলাকালীন
সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে প্রতিটি কেন্দ্রে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সকলের সার্বিক সহযোগিতায় পীরগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ শান্তিপূর্ণ ও সাফল্যের সাথে সম্পন্ন হবে।