ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আরিফ আল মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মইনুল ইসলাম ও এনামুল হক।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এস আলম গ্রুপ এই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে।
সংগঠনের জেলা সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, বিগত সময়ে এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে নামসর্বস্ব চটপটি ব্যবসার বিপরীতে ২৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এ রকম অসংখ্য ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে ঋণ দেওয়া হয়েছিল, যা ছিল মূলত ব্যাংক লুটের অংশ।
সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম বলেন, আমরা অবিলম্বে বিতর্কিত ও সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি করছি। অন্যথায় ব্যাংকের আমানতকারী ও সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।