ফুয়েল কার্ড না পাওয়ায় সৈয়দপুরে মহাসড়ক অবরোধ
নীলফামারী প্রতিনিধি:
ফুয়েল কার্ড না পাওয়ায় নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের ইকু ফিলিং স্টেশনের সামনে এ অবরোধের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চালক এখনও ফুয়েল কার্ড পাননি। কেউ কেউ আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া মোটরসাইকেল আরোহী আঃ রহমান জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই সড়কে নেমেছি।
এদিকে অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
ইকু ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, উপজেলা প্রশাসনের লিখিত নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সাময়িকভাবে কার্ড ছাড়াই তেল সরবরাহের নির্দেশ দেন। এরপর মোটরসাইকেল চালকরা অবরোধ তুলে নেন।
স্থানীয়দের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা দূর করে দ্রুত স্থায়ী সমাধান না নিলে এ ধরনের ভোগান্তি আরও বাড়তে পারে।