জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গঙ্গাচড়া
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গঙ্গাচড়া উপজেলা। এ সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে উপজেলার ক্রীড়াঙ্গনসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গঙ্গাচড়া উপজেলার শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ১-০ গোলে সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। দলের দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলাপূর্ণ খেলা এবং সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য আসে।
জয়ের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ অর্জনকে ঘিরে অভিনন্দনের জোয়ার দেখা গেছে।
এদিকে, আগামী ১৯ মে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। জেলা চ্যাম্পিয়ন হিসেবে সেখানে অংশ নেবে শেরপুর পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী শফিকুল ইসলাম চাঁদ বলেন, “গঙ্গাচড়ার ক্ষুদে ফুটবলারদের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া প্রমাণ করে, আমাদের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় অনেক এগিয়ে। আমরা আশা করছি, বিভাগীয় পর্যায়েও তারা সাফল্যের ধারা অব্যাহত রেখে গঙ্গাচড়ার মুখ উজ্জ্বল করবে।”
উপজেলাবাসী আশা করছেন, বিভাগীয় পর্যায়েও ক্ষুদে ফুটবলাররা সাফল্যের ধারা অব্যাহত রাখবে।