৪ ভাদ্র, ১৪৩৩ - ১৯ আগস্ট, ২০২৬ - 19 August, 2026

কাউনিয়ায় ভূমি সেবা মেলা শুরু

166
2026-05-19 18:44:47

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সহজ, হয়রানী মুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এতে সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকৌশলী মনিরুল ইসলাম, পিআইও মেজবাহুর রহমানসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

পরে র‌্যালী শেষে উপজেলা হলরুমে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন হয়।

সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এবারের প্রতিপাদ্য স্লোগান। সাধারন মানুষদের কাছে ভূমি সেবা সহজভাবে পৌঁছে দেওয়া, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমি কর আদায়কারীকে পুরস্কৃত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে।

সর্বশেষ

জনপ্রিয়