গঙ্গাচড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) গঙ্গাচড়া এলএসডি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পাবে এবং উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গঙ্গাচড়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৯৭ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ১৯৩ মেট্রিক টন। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) উম্মে কুলছুম, খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানসহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।