৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

গঙ্গাচড়ায় ওয়াটার পাইপ সাপ্লাই সিস্টেম নির্মাণ কাজের উদ্বোধন

181
2026-05-20 18:51:11

news-picture

নিজস্ব প্রতিবেদক:

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় ওয়াটার পাইপ সাপ্লাই সিস্টেম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বেতপাড়া এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় গ্রামের মোট ৩৫টি পরিবার সরাসরি সুপেয় পানির সুবিধা পাবে। নির্মাণ কাজের উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিরাপদ পানি সরবরাহ অত্যন্ত জরুরি। এই ওয়াটার পাইপ সাপ্লাই সিস্টেম চালু হলে বেতপাড়া এলাকার পিছিয়ে পড়া পরিবারগুলোর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পটির দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউপি সদস্য ও কার্যক্রম তদারকি কমিটির সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য মনোরঞ্জন রায়, সংস্থার প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, ক্রিস্টিনা ক্রুশ এবং প্রকৌশলী ফরিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়