৯ ভাদ্র, ১৪৩৩ - ২৫ আগস্ট, ২০২৬ - 25 August, 2026

বিয়ের পর স্বামীর বাড়িতে তরুণী, বাবার মিসিং ডায়েরি নিয়ে প্রশ্ন

89
2026-08-24 21:22:45

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় গোপনে বিয়ের পর স্বামীর বাড়িতে অবস্থান করছেন আশামনি (১৯) নামে এক তরুণী। তবে তাকে নিখোঁজ দাবি করে থানায় মিসিং ডায়েরি করেছেন তার বাবা মো. ছালেকুল ইসলাম। এ নিয়ে এলাকায় ব্যপক আলোচনা সৃষ্টি হয়েছে। তরুণীর দাবি, তিনি নিখোঁজ নন; স্বেচ্ছায় বিয়ে করে স্বামীর বাড়িতে রয়েছেন।

জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডহরা গ্রামের মো. ছালেকুল ইসলামের মেয়ে আশামনির সঙ্গে একই এলাকার ইয়াকুব আলীর ছেলে মারজান ইসলামের (২২) বিয়ে হয় গত ২২ জুন ২০২৬। রংপুর মহানগরের মুলাটোল কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বিয়ের প্রায় দুই মাস পর গত ২৩ আগস্ট আশামনির বাবা মো. ছালেকুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় মেয়েকে নিখোঁজ দাবি করে মিসিং ডায়েরি করেন। তবে আশামনি বর্তমানে তার স্বামীর বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

আশামনি বলেন, “আমি স্বেচ্ছায় মারজান ইসলামকে বিয়ে করেছি। বর্তমানে আমি আমার স্বামীর বাড়িতে আছি। আমাকে কেউ অপহরণ করেনি বা জোর করে কোথাও নিয়ে যায়নি। তারপরও আমার বাবা আমাকে নিখোঁজ দেখিয়ে থানায় মিসিং ডায়েরি করেছেন। ”

তিনি আরও বলেন, “বিয়ের বিষয়টি নিয়ে আমার বাবা আমার স্বামী ও তার পরিবারের লোকজনকে মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন বলে আমরা জানতে পারছি। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি।”

আশামনির স্বামী মারজান ইসলাম বলেন, “আশামনি আমার স্ত্রী। আমাদের বিয়ে আইনগতভাবে সম্পন্ন হয়েছে। সে বর্তমানে আমার বাড়িতেই আছে। তাকে কোথাও আটকে রাখা হয়নি কিংবা জোর করে নিয়ে আসা হয়নি। এরপরও আমার শ্বশুর মিসিং ডায়েরি করেছেন এবং মামলা ও হয়রানির হুমকি দিচ্ছেন।”

স্থানীয় সাবেক গ্রাম পুলিশ এনতাজ আলী (৭০) বলেন, “আশামনি ও মারজানের বিয়ের বিষয়টি এলাকায় জানা আছে। মেয়েটি বর্তমানে তার স্বামীর বাড়িতে আছে বলেই আমরা জানি। তাকে নিখোঁজ করার মতো কোনো ঘটনা আমাদের জানা নেই।”

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার এসআই বজলুর রশিদ বলেন, “মেয়েটির নিখোঁজ সংক্রান্ত একটি মিসিং ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটি বর্তমানে কোথায় আছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কেউ নিয়ে গেছে কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, তরুণী বর্তমানে স্বামীর বাড়িতে অবস্থান করলেও তাকে নিখোঁজ দেখিয়ে মিসিং ডায়েরি করায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনায় মেয়ের বাবা মো. ছালেকুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মিসিং ডায়েরির বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়