২২ আশ্বিন, ১৪৩৩ - ০৭ অক্টোবর, ২০২৬ - 07 October, 2026

বদরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২৫ মণ্ডপে সিসি ক্যামেরা, অপ্রীতিকর ঘটনায় ছাড় নয় ওসি জাহিদ

65
2026-10-07 15:13:36

news-picture

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ :

রংপুরের বদরগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১২৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পি সরকার এবং বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারসহ পূজামণ্ডপগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী বলেন, উপজেলায় এ বছর মোট ১২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, এবারে বদরগঞ্জ উপজেলার ১২৫টি পূজা মন্ডপে ৬০০ কেজি করে চাল দিয়েছে। গতবারের থেকে ১০০ কেজি বেশি।

বক্তারা বলেন, দুর্গাপূজা সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, পূজামণ্ডপে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ওসি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপতৎপরতায় কান না দিয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান করেন।

সর্বশেষ

জনপ্রিয়